রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর/ ছবি: এএফপি (ফাইল)

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


মন্ত্রণালয়ের দাবি, দণ্ডিত পাঁচজন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর এবং যানবাহনে হামলা চালানোর দায়েও তারা দোষী সাব্যস্ত হন।


তাদের বিরুদ্ধে অস্ত্র ও জীবন্ত গুলি রাখার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং হামলা পরিচালনায় সহায়তা করার অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানানো হয়।


মন্ত্রণালয় বলেছে, আদালতের দেওয়া বিচারিক বিবেচনাধীন মৃত্যুদণ্ডের রায় অনুযায়ী তাঁদের সাজা কার্যকর করা হয়েছে। তবে দণ্ডিত ব্যক্তিদের পরিচয়, মৃত্যুদণ্ড কার্যকরের স্থান কিংবা তারিখ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।


এর আগে মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের জন্য দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।


সৌদি আরবে ২০২৫ সালে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আধুনিক ইতিহাসে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বিদেশি নাগরিক।


মানবাধিকার সংগঠন রিপ্রিভ ও ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) তথ্য অনুযায়ী, গত বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৩৫৬ জনের মধ্যে ২৪০ জন মাদকসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১৮৮ জন ছিলেন বিদেশি নাগরিক।


তথ্যসূত্র: গাল্ফ নিউজ, জাগোনিউজ