শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ঈশ্বরদীতে গাছের নিচে পড়ে প্রাণ গেল ইমামের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ০২:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ০২:৩২ অপরাহ্ন
ঈশ্বরদীতে গাছের নিচে পড়ে প্রাণ গেল ইমামের

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে গাছের নিচে চাপা পড়ে নজরুল ইসলাম নামের একজন মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।


প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে এসে নিজ উদ্যোগে তার বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন। তার পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলাম তার নিজ বাড়িতে একটি মাদরাসা স্থাপনের পরিকল্পনা নিয়ে শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে ছিলেন। গাছ কাটার এক পর্যায়ে ওই গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, গাছ কাটার সময় ওই গাছের নিচে চাপা পড়ে একজন আলেমের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। তারা কোন অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।