রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে সদস্য সম্মেলন
রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।
সম্মেলনে বক্তারা দায়িত্বশীল সদস্যদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ঈমানের প্রতিফলন আচরণে থাকতে হবে এবং দায়িত্বশীলদের বিনয়ী, নম্র ও উদার হতে হবে।
বক্তারা আরও বলেন, তাকওয়াভিত্তিক জীবনযাপন, অনৈতিক কাজ থেকে বিরত থাকা এবং হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার বিষয়ে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগর জামায়াতের সাধারণ সদস্যদের সরাসরি গোপন ভোটে আগামী দুই বছরের জন্য মহানগরীর আমীর নির্বাচিত হবেন।