শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা খালেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। গ্রেপ্তার খালেদ নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে।


পুলিশ সুপার জানান, খালেদ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ও তাঁর সহযোগীরা সরকারি সুযোগ-সুবিধা এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।


বিষয়টি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে সিংড়ার বালুয়া-বাসুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য অনুযায়ী, খালেদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুরে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। প্রতারণার অভিযোগে তিনি একাধিকবার কারাবরণও করেছেন বলে জানিয়েছে পুলিশ।


প্রতারণার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।