শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

পাঁচবিবিতে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
পাঁচবিবিতে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও ২০ বিজিবির যৌথ দল। এ ঘটনায় আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।


শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে অভিযান চালিয়ে আবুল কাশেম (৫৫) ও সুরুজ মণ্ডল (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই চেঁচড়া গ্রামের বাসিন্দা।


যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদের পাশে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ও সুরুজ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।


গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে একই উপজেলার ভুইডোবা গ্রামের রিফাত (২৩) নামে আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে তিনি পালিয়ে যান।


অভিযান পরিচালনাকারী দলের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।