রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদস্য ও গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুরে নিজ বাসভবনে মারা যান কে এম মাহফুজুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


কে এম মাহফুজুর রহমান দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দেন।


ছাত্রাবস্থা থেকেই স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজুর রহমান। দীর্ঘদিনের সম্পৃক্ততায় তিনি দক্ষ স্কাউট সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের দায়িত্বও পালন করেন।


তাঁর মৃত্যুতে শিক্ষক ও স্কাউটস অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।