সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবসের আলোচনা সভা
সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় পার্টির জেলা শাখা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ব্যবস্থা প্রবর্তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভূমিকা তুলে ধরেন নেতারা।
‘পল্লীবন্ধু অমর হোক, জাতীয় পার্টি জিন্দাবাদ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে উপজেলা দিবসের তাৎপর্য, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় উন্নয়নে উপজেলা ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়।
জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলহাজ মো. ফজলুল হক ডনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, জেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. রেজাউল করিম রাজু, জেলা কৃষক পার্টির আহ্বায়ক শেখ ওমর হাসান কবির, এনায়েতপুর থানা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কালা এবং জেলা জাতীয় পার্টির সদস্য মো. আলমগীর হোসেন আলম।
এ ছাড়া বক্তব্য দেন এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন মেম্বার, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফরিদ হোসেন মেম্বার, বেলকুচি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আলী আকবর হীরা, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম এবং শহর শাখার সাবেক সভাপতি মো. দুলাল হোসেন।
বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরশাদের শাসনামলে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে এ ব্যবস্থার গুরুত্ব রয়েছে।
বক্তারা উপজেলা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মো. আব্দুল জলিল। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।