আত্রাইয়ে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
নওগাঁর আত্রাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৌরব (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নওগাঁ-নাটোর মহাসড়কের মহাদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরব নাটোরের সিংড়া উপজেলার দীঘলগ্রামের গৌতম প্রামাণিকের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেলে করে সান্তাহার থেকে আত্রাই সড়ক হয়ে নাটোরের দিকে যাচ্ছিল গৌরব। পথে মহাদিঘি এলাকায় পৌঁছালে আত্রাই থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৌরবের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।