সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড় এলাকায় একটি কুরিয়ার এজেন্সিতে অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুরিয়ারের মাধ্যমে এসব মাদক ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক মাদক কারবারি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার শান্তির মোড় এলাকায় এ জে আর ট্রান্সপোর্ট এজেন্সিতে এ অভিযান চালানো হয়।


জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) ইমরান হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় এজেন্সি থেকে মালিকবিহীন অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক ওবায়দুল হক জানান, উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন পলাতক ওই মাদক কারবারি। পরে কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য চালানটি বুকিং দিয়ে তিনি পালিয়ে যান।


তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের চালানটির সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।