শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁদের গাড়ির ধাক্কায় হাটহাজারীর স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

WP Import ০৭ ডিসেম্বর ২০২৫ ০১:৫১ অপরাহ্ন জাতীয়
WP Import ০৭ ডিসেম্বর ২০২৫ ০১:৫১ অপরাহ্ন

সোনার দেশ ডেস্ক :


চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছে আরও একজন।
উপজেলার চাড়িয়া বুড়ি পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা এমরান চৌধুরী (৪২) হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আহত অপর জন হলেন মো. আরিফ।

নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. শাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে লাকড়ি বোঝায় একটি চাঁদের গাড়ি (পুরানো জিপ) এমরান ও আরিফের মোটর সাইকেলে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, চাঁদের গাড়িটি ফটিকছড়ির দিক থেকে হাটহাজারির দিকে আসছিল আর আরিফদের মোটর সাইকেল রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে ঘোরাচ্ছিল।

“এসময় দ্রুতগামী চাঁদের গাড়িটি তাদের মোটর সাইকেলটি পাশ থেকে ধাক্কা দেয়।”
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেসরকারী এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। আরিফ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন এসআই শাহেদুল ইসলাম।
তথ্যসূত্র: বিডিনিউজ