শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

WP Import ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ন জাতীয়
WP Import ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ন
ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর


সোনার দেশ ডেস্ক :


ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বেপরোয়া গতির বাসের চাপায় একটি মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুজন আরোহী নিহত হন। তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: বাংলানিউজ