শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তাান বন্ধ করল ভারত
পণ্য খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের নির্দেশনাকে কেন্দ্র করে সোনামসজিদ স্থল ব›্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দর অচল হয়ে পড়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও তাঁদের সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় আগেও কয়েকজন আটক হয়েছেন। এ পরিস্থিতি এড়াতে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়। তবে এ নির্দেশনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছে। রুহুল আমিন আরও জানান, সৃষ্ট পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কখন নাগাদ পণ্য সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।