নাটোরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা
নাটোরে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, সমস্যা বিশ্লেষণ ও মানবাধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে অংশগ্রহণমূলক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাটোর সদর উপজেলার বেসরকারি সংস্থা নিডা সোসাইটির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং নিডা সোসাইটির আয়োজনে এ সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার রক্ষার বিভিন্ন মাধ্যম ও অংশগ্রহণকারীদের মতামত নিয়ে আলোচনা করা হয়।
সভায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর লক্ষ্য ও উদ্দেশ্য, মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, অধিকার লঙ্ঘনের সমস্যা চিহ্নিতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় ও মতামত গ্রহণ করা হয়।
এসভায় উপস্থিত ছিলেন, দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র, নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, মানবাধিকার মনিটরিং কর্মকর্তা ও ডিএইচডিআরএনএস প্রকল্পের সাহিদ মাহফুজ, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিয়ারুল ইসলাম, সমবায় কর্মকর্তা মঞ্জিলা পারভীন, বনলতা স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক শেফালী পাল, নিডা সোসাইটির ফ্যাসিলিটেটর সদস্য সুদীপ্তা প্রাং ও আলেয়া পারভীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে নাটোর শহরতলীর হাজরা নাটোরের জোসনা পাহানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।