শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

বাগমারায় প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আমগাছ কাটার অভিযোগ

বাগমারা প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
বাগমারায় প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আমগাছ কাটার অভিযোগ

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার দক্ষিণ কোয়ালিপাড়া মহল্লায় একটি আমবাগানের ৫৭টি আমগাছসহ ৭৬টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ ঘটনায় বাগমারা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন প্রায় ২০ শতক জমিতে লাগানো আম, পেঁপে ও সজনে গাছগুলো কেটে ফেলা হয়। এর মধ্যে ৫৭টি আমগাছ, ১৫টি পেঁপেগাছ ও চারটি সজনে গাছ রয়েছে। খবর পেয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


ক্ষতিগ্রস্ত আহাদ আলী ডাক্তারের ছেলে তৌহিদুর রহমান তোতা অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি বহিরাগতদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ তাঁদের ভোগদখলে থাকা জমিতে এসে গাছগুলো কেটে ফেলেন। জমি দখলের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তৌহিদুর রহমান।


এ ঘটনায় স্থানীয় ইসমাইল হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আনিসুর রহমান, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, ইয়াসিন ও আজাদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তৌহিদুর রহমান। তাঁর দাবি, তাঁরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এ ঘটনা ঘটিয়েছেন।


এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।