শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিপর্যয়

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়েছে রাজশাহী-ঢাকা রেলপথে। এ ঘটনায় কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের ২ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে রাজশাহীর খেতুরীধামের উৎসব শেষে বাড়ি ফিরতে আসা যাত্রীরা স্টেশনে দীর্ঘ সময় আটকে রয়েছেন।


শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনের অপেক্ষায় বিভিন্ন স্থানে বসে আছেন যাত্রীরা। তাঁদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে খেতুরীধামের উৎসবে এসেছিলেন। উৎসব শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও ট্রেনের বিলম্বে পড়েছেন বিপাকে। কেউ স্টেশনের মেঝেতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে বসে খাবার খাচ্ছেন। কখন ট্রেন ছাড়বে, তা নিয়েও তাঁদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।


স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেন লাইনচ্যুতির কারণে বৃহস্পতিবার ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস নির্ধারিত সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১২টা ৫ মিনিটে পৌঁছায়। একই দিন রাত ৮টা ২০ মিনিটে পৌঁছানোর কথা ছিল সিল্কসিটি এক্সপ্রেসের। প্রায় ছয় ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহী পৌঁছায় রাত ২টা ১৫ মিনিটে। এ ছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের পরিবর্তে শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে ছেড়ে যায়।


শুক্রবার সকালেও এ সময়সূচি বিপর্যয় অব্যাহত ছিল। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে সকাল ৯টা ৪০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেসের বেলা ১১টার দিকে রাজশাহী পৌঁছানোর কথা থাকলেও দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে পৌঁছায়নি। ট্রেনটি রাজশাহী পৌঁছানোর পর পদ্মা এক্সপ্রেস হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।


রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জাহিদ বলেন, টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা রুটের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এ কারণে নির্ধারিত সময়ে ট্রেনগুলো রাজশাহীতে পৌঁছাতে পারছে না। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।