শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঘটছে প্রাণহানির ঘটনাও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জেলার সর্বস্তরের নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুশা।


শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সচেতনতামূলক বার্তায় জেলা প্রশাসক বলেন, ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।’ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


বার্তায় তিনি বলেন, কোথাও যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। কারণ, এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।


জেলা প্রশাসক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।


সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গুমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।