এমপি আব্দুল আজিজের ভিডিও নিয়ে তদন্তে নামছে জেলা বিএনপি
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে নাটোর জেলা বিএনপি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোর জেলা বিএনপির নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, নৈতিক স্খলনজনিত অভিযোগের বিষয়টি জেলা বিএনপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় নেতারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আসাদুজ্জামান আসাদ আরও বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপির এমপি আব্দুল আজিজকে দলীয় পদ থেকে বহিষ্কারের ক্ষমতা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। তাই পুরো বিষয়টি লিখিতভাবে কেন্দ্রে জানানো হবে।
এর আগে ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে ছেলের গ্রেপ্তার এবং জানাজায় হেনস্তার ঘটনা নিয়ে বিতর্কে জড়ান এমপি আব্দুল আজিজ। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তাঁর একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল আজিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।