কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন
রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা এবং কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী। অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর, বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা রানী সরকার এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জে এ এম সকিল উর রহমান, ডুয়েটের অধ্যাপক নাসিম আখতার এবং সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।
সংহিতা রায় ও অংকনা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থিয়েটারের সাধারণ সম্পাদক ইকবাল আলী। বক্তব্য দেন দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, আয়োজক কমিটির সদস্যসচিব ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমির সাদাত এবং নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত ‘বিশ্বকবি: বিশ্বের বিস্ময়’ ও ‘বাংলাভাষা ও ব্যাকরণের মেলবন্ধন’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। আলোচকেরা গ্রন্থ দুটির বিভিন্ন দিক তুলে ধরে লেখকের সাহিত্যকর্মের প্রশংসা করেন।
শেষ পর্বে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী তাঁর শিক্ষার্থীদের সংবর্ধনা দেন। তাঁদের উদ্দেশে অভিনন্দনপত্র পাঠের পর তা শিক্ষার্থীদের হাতে তা তুলে দেওয়া হয়।