শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ : তোপের মুখে ফিরে গেলেন কর্মকর্তারা

ঈশ্বরদী প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন
ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ : তোপের মুখে ফিরে গেলেন কর্মকর্তারা
ঈশ্বরদীতে রেলওয়ের উচ্ছেদ অভিযান

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে উচ্ছেদে এসে দুটি দোকান উচ্ছেদ করেই তোপের মুখে ফিরে গেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের কর্মকর্তারা।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঈশ্বরদী শহরের রেলওয়ে গেট বাসটার্মিনালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। 


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে কোন নোটিশ বা ঘোষণা না দিয়ে রেলওয়ে কর্র্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন ভ্রাম্যমান আদালতের কর্মীরা। এসময় রেলওয়ে গেটে এলাকার প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী ও দোকানীরা উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি আটকে দেন। এক পর্যায়ে তারা ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। উচ্ছেদ করা ফলের দোকানী মো. শফি বলেন, আগে থেকে আমাদের কোন নোটিশ দেওয়া হয়নি, এছাড়া নিয়ম অনুযায়ী মাইকিংও করা হয়নি। অন্য দোকানিরা বলেন, আমরা ছোট ব্যবসায়ী, পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে উচ্ছেদের নামে আমাদের দোকানের মালামালসহ দোকানপাট গুঁড়িয়ে দেওয়ায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পুরণ করবে কে। ব্যবসায়ীরা বলেন, উচ্ছেদের এক ঘন্টা আগেও যদি তাদের সময় দেওয়া হতো তাহলে অন্তত: মালামাল সরিয়ে রাখতে পারতাম।


প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী রিফাজ বিশ্বাস লালন বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রেলওয়ের লোকজন রেলওয়ে গেটে এসে দোকানপাট ভাংতে শুরু করে, এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রেলওয়ের ভ্রাম্যমান আদালতসহ কর্মকর্তাদের ওপর চড়াও হয়ে তাদের উচ্ছেদে বাধা প্রদান করলে তোপের মুখে ফিরে যান কর্মকর্তারা। 


পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ঈশ্বরদীর রেলগেট এলাকায় একটি মসজিদের নামে জায়গা লীজ নেওয়া আছে কিন্তু মসজিদের আশেপাশের জায়গা অবৈধভাবে দখল করে অনেকে দোকানপাট বসিয়ে ব্যবসা করছেন। আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিলাম, লোকজন বাধা দেওয়ায় আপাতত: উচ্ছেদকার্যক্রম স্থগিত করা হয়েছে, তবে আবারো এসব স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।