গোদাগাড়ীতে রাসায়নিক সার ব্যবহারে সতর্কতা ও পরিবেশবান্ধব বালাইনাশক তৈরির প্রশিক্ষণ
রাজশাহীর গোদাগাড়ীতে রাসায়নিক সার ব্যবহারে সতর্কতা এবং পরিবেশবান্ধব উপায়ে ফসলের রোগবালাই দমন বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে রক্ষাগোলা সংগঠনের ১০৮ জন সদস্য অংশ নেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশিক্ষণটি সমাপ্ত হয়। সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় তিনটি পৃথক ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাকনহাটে অবস্থিত সিসিবিভিওর শাখা কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে এর আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিক, জৈব বালাইনাশকের গুরুত্ব এবং ঘরে সহজ উপকরণ দিয়ে জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জৈব বালাইনাশক তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ, এর প্রয়োগপদ্ধতি ও ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে রক্ষাগোলা সদস্যরা রাসায়নিক উপকরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হবেন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসলের রোগবালাই দমনে উৎসাহিত হবেন। এতে নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষিচর্চা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।