গুরুদাসপুরে গৃহবধূ হত্যা : ১২ ঘণ্টায় মূল আসামি গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে ধানখেতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় রবিউল মুন্সী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার রাতে হত্যাকাণ্ডের পর প্রায় ১২ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার রবিউল বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকার মৃত তাজেল মুন্সীর ছেলে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকালে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের গাইনের বিলে ছাগলের জন্য ঘাস কাটতে যান ওই গৃহবধূ। পরে সকাল সাড়ে ১০টার দিকে রবিউলকে কাদামাখা পোশাকে মাঠ থেকে দ্রুত চলে যেতে দেখেন স্থানীয়রা। বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার একটি ধানখেতে কলাপাতা দিয়ে আংশিক ঢাকা ও কাদায় ডোবানো অবস্থায় গৃহবধূর মরদেহ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।