শাকিল হত্যা: যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেলকে গ্রেপ্তারের দাবি ছাত্রদলের
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল আহমেদ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসেন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। হত্যার হুকুমদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গুরুদাসপুরের চাঁচকৈড়ে নিহত শাকিলের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করে রাসেল হোসেন তাঁর সহযোগীদের মাধ্যমে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করে তিনি রাসেল ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে রাসেল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রদল সভাপতি বলেন, হত্যাকাণ্ডের তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার আহ্বান জানানো হয়েছে। তদন্তের স্বার্থে সময় দেওয়া হলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে তাঁদের অভিযোগ। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
নিহত শাকিলের বাবা রবিউল করিমের দাবি, মৃত্যুর আগে শাকিল দুজনের নাম বলে গেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তদন্তে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ২৬ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিলের জানাজায় অংশ নিতে গিয়ে ২৭ অক্টোবর রাতে আব্দুল আজিজ নেতাকর্মীদের হেনস্তার শিকার হন বলে জানা গেছে।