রাজশাহীতে জেলে থাকা ব্যক্তিকেও আসামি করায় আদালতের স্বপ্রণোদিত মামলা
কারাগারে অবস্থানরত এক ব্যক্তিকেও যুবলীগ-ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নতুন আরেকটি মামলায় আসামি করার ঘটনায় রাজশাহীর আদালত একটি স্বপ্রণোদিত মিস মামলা করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর পুলিশ সুপারকে (এসপি)। সোমবার (৯ নভেম্বর) তিনি আদালতের নথিপত্র পেয়েছেন।
এর আগে গত ১ নভেম্বর রাজশাহীর আমলী আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সোহাগ নতুন নম্বরে একটি পৃথক ও স্বতন্ত্র মিস মামলা খোলার জন্য নির্দেশ দেন। সেদিন আসামি হাফিজুর রহমানের জামিনেরও আবেদন ছিল। শুনানির পর আদালত ১০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
হাফিজুর রহমান রাজশাহীর তানোর উপজেলার চন্দনকৌঠা গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, স্থানীয় এক যুবদলকর্মীকে চাঁদা না দেওয়ায় তিনি পুলিশকে দিয়ে তাকে হয়রানি করছেন। এ জন্য গত ২৩ সেপ্টেম্বর তানোর থানার ওসি মাহমুদুল হাসান বাড়ি থেকে ধরে এনে ২৬ জুন করা একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান। অথচ তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।
এ মামলায় ২১ দিন কারাভোগের পর ১৫ অক্টোবর জামিনে মুক্তি পান। সেদিন কারাগার থেকে বেরিয়েছিলেন রাত ৯টা ৪৭ মিনিটে। একই দিন তানোর থানায় আরেকটি মামলায় আসামি করা হয় তাকে। এজাহারে বলা হয়, রাত ৮টা ১০ মিনিটে তানোরে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল হয় এবং সেই মিছিলে হাফিজুরও অংশ নেন। অথচ ঘটনার সময়ও তিনি কারাগারের ভেতরেই ছিলেন।
আদেশে আদালত বলেছেন, ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্থ করার মানসে তার নাম ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না সে বিষয়ে স্বতন্ত্রভাবে তদন্ত করা আবশ্যক। কারণ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া কারও বিরুদ্ধে ফৌজদারী কার্যধারা রুজু করলে তা দন্ডবিধির ২১১ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয়ত, কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারী কর্মচারী কোন অশুদ্ধ দলিল প্রস্তুত করলে তা দন্ডবিধির ১৬৭ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ এবং তৃতীয়ত, কারও ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকারী কর্মচারী আইন অমান্য করলে তা দন্ডবিধির ১৬৬ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে বলা হয়েছে, এই আদালত ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধানমতে ওই সব অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। তাই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারের আওতায় আনার লক্ষ্যে এই মিস মামলা করা হলো। মামলাটি তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে রাজশাহী সিআইডির এসপিকে নির্দেশ দেওয়া হয়।
আদেশের অনুলিপি পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলা পুলিশের এসপির কাছে পাঠানোরও নির্দেশ দেন আদালত। ঘটনাটি নিয়ে প্রকাশিত সংবাদটিও তাদের কাছে পাঠাতে বলা হয়েছে। এছাড়া আসামি হাফিজুর যে মামলায় উল্লেখিত ঘটনার সময়ের পরে কারাগার থেকে বের হয়েছেন সে বিষয়ে কারা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র নিয়ে আদালতে জমা দিয়েছিলেন। আদালত ওই প্রত্যয়নপত্রের কপিও সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।
তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় হাফিজুরসহ ২২ জনকে আসামি করেছিলেন। ঘটনার সময় হাফিজুর কারাগারে থাকলেও তাকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ডিউটিতে ছিলাম। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে।’ এ বিষয়ে আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে তিনি জানেন না বলে জানান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানও আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন। কারাগারে থাকা অবস্থায় হাফিজুরকে নতুন মামলায় আসামি করার বিষয়ে গত ১৭ অক্টোবর তিনি বলেছিলেন, ‘টাইপ মিসটেক হতে পারে।’
রাজশাহী সিআইডির এসপি রায়হানুল ইসলাম বলেন, আদালতের স্বপ্রণোদিত মামলাটির তদন্তের জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবারই তিনি আদেশের কপি পেয়েছেন। আর দুইদিন আগে এখানে যোগ দিয়েছেন। একটু গুছিয়ে উঠে তদন্ত কাজ শুরু করবেন বলেও জানান তিনি।#