পত্নীতলা বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
নওগাঁ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৭টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, চার বোতল নেশাজাতীয় সিরাপ ও ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সদস্যরা পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পত্নীতলা উপজেলার জামাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চার বোতল উইনক্রেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই দিন কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।