মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

মসজিদ নির্মাণের অর্থ জোগাতে ধান কাটছেন ৭০ গ্রামবাসী

পঞ্চগড় প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পঞ্চগড় প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
মসজিদ নির্মাণের অর্থ জোগাতে ধান কাটছেন ৭০ গ্রামবাসী

কারও কাছে সাহায্যের জন্য হাত না পেতে নিজেদের শ্রমের বিনিময়ে মসজিদ নির্মাণের অর্থ সংগ্রহ করছেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বদলুপাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামের শতবর্ষী একটি মসজিদের নির্মাণ তহবিল গড়তে প্রায় ৭০ জন গ্রামবাসী দলবদ্ধভাবে কৃষকের ধান কাটার কাজে নেমেছেন।


গ্রামবাসীরা কৃষকের জমি থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। বিনিময়ে পাওয়া পারিশ্রমিকের পুরো অর্থ জমা করছেন মসজিদ নির্মাণ তহবিলে।


উদ্যোক্তারা জানান, মসজিদ নির্মাণের জন্য অর্থের প্রয়োজন হলেও কারও কাছে আর্থিক সহায়তা চাওয়ার পরিবর্তে নিজেরাই শ্রম দিয়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন। এরপর গ্রামের বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশ নেন।


তাঁদের এ সম্মিলিত উদ্যোগে ফুটে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত। নিজেদের শ্রমের উপার্জনে মসজিদ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে গ্রামবাসীদের এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।