টিকটক করতে গিয়ে পাকিস্তানে বাঘের আক্রমণে তরুণের মৃত্যু
পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের জন্য ভিডিও বানানোর সময় বাঘের হামলায় তালহা (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর জড়িত কনটেন্ট ক্রিয়েটর নোমান হাসান এবং খামারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারের প্রজননকেন্দ্রে এ ঘটনা ঘটে।
টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর নোমান হাসানের অনুরোধে বাঘটিকে খাঁচা থেকে বের করা হয়েছিল। খাঁচা থেকে বের করার পর প্রাণীটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়। বাঘের আক্রমণে গুরুতর আহত তালহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নোমান হাসান দাবি করেছিলেন যে কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে সত্য প্রকাশিত হয়।
লাহোর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই।
পুলিশ আরও জানায়, খামারটিতে বাঘ রাখার প্রয়োজনীয় আইনি অনুমতি ছিল কি না এবং নিরাপত্তার নিয়মাবলী মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তথ্য গোপনের চেষ্টা ও অবহেলার দিকগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নোমান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বাঘ ও চিতাবাঘের সাথে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরির জন্য পরিচিত ছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি