বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, দ্বিতীয়বার আইসিসির মসনদে জয় শাহ
দ্বিতীয়বার আইসিসির মসনদে জয় শাহ। আবারও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পেলেন তিনি। আগামী দু’বছর আইসিসির শীর্ষ পদে থাকবেন ৩৮ বছরের জয়। দ্বিতীয় মেয়াদে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাছাড়াও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকছে। সেই কারণেই তাঁর সামনে এখন গুরুদায়িত্ব।
চেয়ারম্যান পদের জন্য জয় ছাড়া আর কোনও প্রার্থী ছিলেন না। বালিতে আয়োজিত আইসিসির বৈঠকে তাঁর নাম প্রস্তাব করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্র্নিবাচিত হওয়ার পরে জয় বলেন, “আইসিসির চেয়ারম্যান হিসাবে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্বের। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিয়ে যেতে সদস্য দেশগুলির সঙ্গে একযোগে কাজ করতে চাই।”
ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী জয়। তাঁর কথায়, “আমাদের খেলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে এই খেলাকে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করবে এই উদ্যোগ।” উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন জয়। ওই বছরের ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সবচেয়ে কম বয়সে এই পদে বসার নজির গড়েন জয়। তাঁর আগে আইসিসি-র চেয়ারম্যান ছিলেন গ্রেগ বার্কলে।
এর আগে বিসিসিআই সচিব হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি আইসিসির ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান ছিলেন তিনি। এদিকে বালির বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত ন’টি দলকে নিয়েই চলবে এই প্রতিযোগিতা। অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ও আমেরিকা। পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও বদল আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তুলে দেওয়া হচ্ছে সুপার সিক্স পর্ব।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন