মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

এক এনআইডিতে পাঁচটির রেশি সিম নয়

সোনার দেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন
এক এনআইডিতে পাঁচটির রেশি সিম নয়
সিম কার্ড

মোবাইল ও অনলাইন প্রতারণা বন্ধ এবং অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণে সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন এবং নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।


মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর এবং ওয়েবসাইট বা লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


অবৈধ সিমের ব্যবহার বন্ধে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিম নিবন্ধন, নিজ নামে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই এবং অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গণমাধ্যম, খুদে বার্তা ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারণা চলছে। অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


এ ছাড়া বিটিআরসিতে স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (সিবিভিএমপি) মাধ্যমে সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


মন্ত্রী আরও জানান, সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন পদ্ধতি চালুর কার্যক্রম চলছে।


এর মাধ্যমে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন ঠেকানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র: বাংলানিউজ