ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং ওষুধের দোকানের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ফার্মেসি, একটি হোটেল ও একটি মুদিখানাসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জীবন ফার্মেসিকে ৫ হাজার টাকা, কাজী ফার্মেসিকে ২ হাজার টাকা, নিমাই ফার্মেসিকে ৩ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ২ হাজার টাকা, সাগির ফার্মেসিকে ২ হাজার টাকা, লাইফ কেয়ার ফার্মেসিকে ২ হাজার টাকা এবং খোতেজা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডুঙ্গী হোটেল ও একটি মুদিখানা দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. মোকছেদুল আমিন, ফুলবাড়ী থানার এসআই এস. এম. আশিকুর রহমানসহ পুলিশের একটি দল।