বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ব্যাংকে টাকা রেখে মারা গেলে সেই অর্থ কে পাবে?

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০২:০৫ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০২:০৫ অপরাহ্ন
ব্যাংকে টাকা রেখে মারা গেলে সেই অর্থ কে পাবে?
ব্যাংক

ব্যাংকে টাকা জমা রাখার সময় অধিকাংশ মানুষই একজনকে নমিনি করেন। কেউ স্ত্রী, কেউ সন্তান, আবার কেউ ভাই-বোন বা অন্য স্বজনকে নমিনি হিসেবে রাখেন। কিন্তু যার নামে ব্যাংকে টাকা জমা রয়েছে, তিনি মারা গেলে সেই টাকা কে পাবেন? নমিনি কি পুরো টাকার মালিক হয়ে যাবেন, নাকি মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারীদেরও ওই টাকার ওপর অধিকার থাকবে?


এ প্রশ্নের উত্তর নিয়ে দেশে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক ও পারিবারিক বিরোধ চলছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, আমানতকারীর মৃত্যুর পর নমিনি ব্যাংক থেকে টাকা গ্রহণের অধিকার পান। তবে টাকা গ্রহণ করলেই তিনি ওই অর্থের চূড়ান্ত মালিক হয়ে যান কি না, তা নিয়ে উচ্চ আদালতের একাধিক রায়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এসেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যাংক থেকে টাকা তোলার অধিকার এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা এক বিষয় নয়।


অগ্রণী ব্যাংকের একটি শাখায় বিলকিস খাতুনের ১৫ লাখ টাকা জমা রাখা নিয়ে তার দুই সন্তানের মধ্যে বিরোধ তৈরি হয়। চলতি বছরের জুলাইয়ে বিলকিস খাতুন মারা যাওয়ার পর তার মেয়ে শারমিন দাবি করেন, মায়ের কাছ থেকে তিনি শুনেছেন, তাকে নমিনি করা হয়েছে এবং ব্যাংকের সব টাকা তিনি পাবেন। অন্যদিকে তার ভাই রাসেল ওই টাকার ওপর নিজের অধিকার দাবি করেন। ব্যাংক কর্তৃপক্ষ এফডিআরের কাগজপত্র যাচাই করে দেখতে পায়, বিলকিস খাতুন তার মেয়েকে ৫০ শতাংশের নমিনি করেছেন। অর্থাৎ পুরো টাকার নমিনি তিনি নন। বিষয়টি নিয়ে ভাই-বোনের মধ্যে বিরোধ তৈরি হয়। পারিবারিকভাবে সমাধানে পৌঁছাতে তাদের প্রায় এক মাস সময় লাগে।


এ ঘটনা দেখায়, ব্যাংকে নমিনি করার সময় সামান্য অসতর্কতাও পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি করতে পারে। আবার নমিনি ও উত্তরাধিকারীর অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও জটিলতা বাড়ে।


ব্যাংক ও সঞ্চয়পত্রের নমিনি নিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রাহকের উত্তরাধিকারীরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক মো. শহীদুল হক চৌধুরীর ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের নমিনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। মৃত্যুর পর প্রথম সংসারের সন্তানেরা ওই অর্থের উত্তরাধিকার দাবি করেন। ২০১৬ সালে হাইকোর্ট রায় দেন, নমিনি টাকা গ্রহণ করতে পারবেন, তবে প্রকৃত উত্তরাধিকারীদের আইনসম্মত পাওনা বুঝিয়ে দিতে হবে।


ব্যাংক কোম্পানি আইনে কী বলা আছে

ব্যাংক হিসাবের নমিনি নির্ধারণ ও আমানতকারীর মৃত্যুর পর টাকা পরিশোধের বিষয়টি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০৩ ধারায় উল্লেখ রয়েছে।


এ ধারার ৩ উপধারা অনুযায়ী, আমানতকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি আমানতের বিষয়ে আমানতকারীর যাবতীয় অধিকার লাভ করেন। ফলে ব্যাংক নমিনিকে টাকা পরিশোধ করতে পারে। এ ক্ষেত্রে সাধারণত ব্যাংককে উত্তরাধিকারীদের মধ্যে অর্থ ভাগ করে দেওয়ার দায়িত্ব নিতে হয় না।


তবে একই ধারার ৪ উপধারায় বলা হয়েছে, নমিনিকে টাকা পরিশোধ করলে ব্যাংক আমানতসংক্রান্ত দায় থেকে অব্যাহতি পাবে। কিন্তু এ কারণে অন্য কোনও ব্যক্তির আইনসম্মত অধিকার বা দাবি নষ্ট হবে না।

অর্থাৎ ব্যাংক নমিনিকে টাকা দিয়ে তার দায় শেষ করতে পারে। কিন্তু উত্তরাধিকারীদের আইনগত দাবি থাকলে তারা নমিনির কাছে তাদের প্রাপ্য অংশ দাবি করতে পারবেন। প্রয়োজনে আদালতের আশ্রয়ও নিতে পারবেন।


এখানেই নমিনি ও উত্তরাধিকারীর মধ্যে পার্থক্যটি গুরুত্বপূর্ণ। নমিনি হলেন আমানতকারীর মনোনীত ব্যক্তি, যিনি তার মৃত্যুর পর ব্যাংক থেকে টাকা গ্রহণ করতে পারেন। অন্যদিকে উত্তরাধিকারী হলেন সেই ব্যক্তি, যিনি প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পাওয়ার অধিকারী। ধর্ম ও প্রযোজ্য ব্যক্তিগত আইন অনুযায়ী উত্তরাধিকারীদের অংশ নির্ধারিত হয়।


নমিনি পরিবর্তন করা যায়

ব্যাংক হিসাব খোলার সময় যাকে নমিনি করা হয়েছে, তাকেই সারা জীবন বহাল রাখতে হবে– এমন নয়। গ্রাহক জীবিত থাকা অবস্থায় ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুসরণ করে নমিনি পরিবর্তন, নতুন নমিনি সংযোজন বা আগের নমিনি বাতিল করতে পারেন।


বিয়ে, বিবাহবিচ্ছেদ, সন্তান জন্ম কিংবা পারিবারিক পরিস্থিতির পরিবর্তন হলে নমিনির তথ্য হালনাগাদ করা জরুরি। একাধিক ব্যক্তিকে নমিনি করলে কে কত শতাংশ অর্থ পাবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। নমিনির মৃত্যু হলেও ব্যাংকের রেকর্ডে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।


তবে আমানতকারী মারা যাওয়ার পর নমিনি নিজে থেকে অন্য কাউকে নতুন নমিনি করতে পারবেন না। নমিনি পরিবর্তনের অধিকার মূলত হিসাবধারীর।


অপ্রাপ্তবয়স্ক সন্তানকে নমিনি করলে

অনেক মা-বাবা তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানকে ব্যাংক হিসাবের নমিনি করেন। কিন্তু হিসাবধারীর মৃত্যুর সময় সন্তান অপ্রাপ্তবয়স্ক থাকলে তার পক্ষে কে টাকা গ্রহণ করবেন, সেটিও গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুযায়ী আইনগত অভিভাবক বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে হয়। তাই সন্তানকে নমিনি করার সময় তার পক্ষে অর্থ গ্রহণের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়েও ব্যাংকের সঙ্গে কথা বলা প্রয়োজন।


নমিনি না থাকলে কী হবে

ব্যাংক হিসাবের কোনও নমিনি না থাকলে অথবা মনোনীত সব নমিনির মৃত্যু হলে মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারীদের সামনে আসতে হয়। এ ক্ষেত্রে ব্যাংক সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অর্থ পরিশোধের ব্যবস্থা করে।


উত্তরাধিকারীদের পরিচয় ও প্রাপ্য অংশ নির্ধারণের জন্য উত্তরাধিকার সনদ, মৃত্যুসনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতে পারে। অর্থের পরিমাণ, উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী আদালতের আদেশ বা অন্য আইনি নথিও প্রয়োজন হতে পারে।


নমিনি করার আগে যা করবেন

ব্যাংকে টাকা রাখার সময় নমিনি নির্ধারণকে শুধু একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ আমানতকারীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তির অধিকার এর সঙ্গে জড়িত।

তাই নমিনি করার আগে কাকে মনোনীত করছেন, তিনি পরিবারের অন্য উত্তরাধিকারীদের সঙ্গে কীভাবে সম্পর্কিত এবং ভবিষ্যতে কোনও বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না, তা বিবেচনা করা দরকার। একাধিক নমিনি থাকলে প্রত্যেকের অংশ স্পষ্ট করে দিতে হবে। পাশাপাশি ব্যাংকের হিসাব, এফডিআর ও নমিনিসংক্রান্ত তথ্য পরিবারের বিশ্বস্ত সদস্যদের জানিয়ে রাখা ভালো।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন