শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

ট্রাম্প, শি ও পুতিন বসছেন ঐতিহাসিক বৈঠকে, আলোচনায় পারমাণবিক অস্ত্র

সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
ট্রাম্প, শি ও পুতিন বসছেন ঐতিহাসিক বৈঠকে, আলোচনায় পারমাণবিক অস্ত্র
প্রেসিডেন্ট ট্রাম্প, শি জিনপিং এবং পুতিন

চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন  (অ্যাপেক) সম্মেলনের ফাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এ বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। তবে অস্ত্রের মজুত সীমিত করার বিষয়ে কোনো পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিন নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। ট্রাম্প এরই মধ্যে এই ত্রিপক্ষীয় বৈঠককে নিজের জন্য একটি ‘জয়’ হিসেবে অভিহিত করেছেন। চীনে পৌঁছানোর পর তাকে দেওয়া জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।


ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈঠক থেকে নিজের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি (শি জিনপিং) একজন মহান প্রেসিডেন্ট, চীনের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। অথচ এর আগে তিনি কখনো কাউকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি। তবে তারা (চীন) খুব দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আমি চাইব, তারা যেন তা না করে।


ধারষা করা হচ্ছে এই বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে জ্বালানি অবকাঠামো এবং ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে হামলার ঘটনা বেড়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতেও সেতুটিতে নতুন করে হামলা চালানো হয়েছে।


এদিকে, অ্যাপেকে অংশগ্রহণের পর এক বক্তৃতায় পুতিন বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া একটি অবিচ্ছেদ্য অংশ।

প্রায় একই সময়ে  ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র শত শত বছর ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি মার্কিন অর্থনীতির শক্তিমত্তার কথাও তুলে ধরেন।


তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ, রাইজিংবিডি