নড়াইলে ২ বিএনপি নেতা খুন: ‘আমার ছেলে তো দোষ করেনি, কেন তাকে হত্যা করা হল’
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায়’ নিহত বিএনপির দুই নেতার পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন অনেকটাই দিশেহারা।
বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় হামলায় নিহত হন কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব শাহীনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।
বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায়’ তারা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে এ দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে কালিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব দুজনের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবজী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান উপস্থিত ছিলেন।
নিহত সোহেল মোল্যার চাচাতো ভাই বাবর আলী সাংবাদিকদের বলেন, জানাজা শেষে সোহেল মোল্যাকে তার গ্রামের বাড়ি বাহিরডাঙ্গায় এবং শাহীন মোল্যাকে চাঁদপুর কবরস্থানে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন স্ত্রী ও এক ছোট ছেলে রেখে গেছেন। বাড়িতে তার লাশ পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এ সময় কাঁদতে কাঁদতে শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলছিলেন, “আমরা গরিব মানুষ। আমার ছেলে তো কোনো দোষ করেনি, তাহলে কেন তাকে হত্যা করা হলো? আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
“সরকারের কাছি দাবি জানাই, তার একটি ছেলেসহ স্ত্রী রয়েছে। প্রধানমন্ত্রী যেন তাদের দিকে খেয়াল রাখেন।”
শাহীন মোল্লার স্ত্রী রহিমা বেগম বলেন, “আমার স্বামী ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটি শোরুমে কাজ করতো। ৭-৮ হাজার টাকা বেতন পেত। তাই দিয়ে আমাদের সংসার চলত।
“আমাদের একমাত্র ছেলেকে যারা বাবাহারা আর আমাকে যারা স্বামীহারা করেছে আমি তাদের ফাঁসি চাই।”
নিহত সোহেল মোল্লার বাড়িতেও ছিল শোকের মাতম। বাড়িতে লাশ পৌঁছার পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সোহেলের জানাজায় স্থানীয় অনেকেই অংশ নেন।
সোহেল মোল্লার বোন জোত্যি খানম অভিযোগ করেছেন, তার ভাইয়ের হাত-পায়ের রগ কেটে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, “আমার ভাইকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।”
সোহেল মোল্লার বড় ভাই জুয়েল রানা বলেন, “আমারা বিএনপি করি এটাই কি আমাদের অপরাধ? বিগত সময়েও আমিসহ আমাদের পরিবার নির্যাতনের শিকার হয়েছি। আর আজ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমার ভাইকে হত্যা করা হলো।”
সোহেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বড় ভাই।
হামলায় নিহত নড়াইলের কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব শাহীনুর মোল্যার বাড়িতে স্বজনদের আহাজারি।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, সন্ধ্যা পর্যন্তু এ ঘটনায় কোনো মামলা হয়নি।
জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলা চালিয়ে দলের দুজন নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুলিশ প্রশাসনকে বলছি, দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে গ্রেপ্তার করুন।”
বিএনপি নেতাকর্মীরা জানান, বুধবার রাতে ‘আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে’ বিএনপির নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা করছিলেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাতে অতর্কিত হামলা চালায়।
হামলায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), শাহীন মোল্যা (৪৫) এবং সোহেল মোল্যা (৩৫) আহত হন।
তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই দুজন মারা যান।
তথ্যসূত্র: বিডিনিউজ