বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বিএনপির লোগো

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর নতুন করে বিএনপির আরও একাধিক নেতা পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকে এই তালিকায় সাবেক প্রতিমন্ত্রী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও উল্লেখ করেন। তবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের দাবিকে গুজব ও ভিত্তিহীন বলে জানানো হয়েছে।


এ বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিএনপি ভাইস চেয়ারম্যান ও এমপি বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন কি না জানতে চেয়েছিলেন। তবে খবরটি সম্পূর্ণ গুজব ও দুষ্ট চক্রের অপপ্রচার। তিনি গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে থাইল্যান্ড গিয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।


অপরদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক ও তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতার কারণেই সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন তিনি।


শায়রুল কবির জানান, তিনি নিজেও ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই।


তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে। দয়া করে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন