বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা

সোনার দেশ ডেস্ক ১৭ নভেম্বর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৭ নভেম্বর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল।

বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। তবে বিএনপি ও জিয়া পরিবারের প্রতি ভালোবাসা এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা থাকার কথা জানিয়েছেন তিনি।


সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান সাইফুল।

পোস্টে তিনি লেখেন, আজ থেকে বিএনপির সকল রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।


বিএনপি ও জিয়া পরিবারের প্রতি নিজের দীর্ঘদিনের আবেগের কথা তুলে ধরে তিনি লেখেন, জিয়া পরিবার ও বিএনপিকে অনেক ভালোবাসি। তাই জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিএনপির পক্ষ হয়ে রাজপথে ছিলাম আমরা তৃণমূলের কর্মীরা।


দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সাইফুল আরও লেখেন, সারা বাংলাদেশের মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে যেভাবে আওয়ামী লীগকে দলে ভিড়িয়েছে, বিএনপির ওপর থেকে আস্তে আস্তে মন উঠে গেছে, যাচ্ছে।


এ ধরনের কর্মকাণ্ডে শুধু নিজের মধ্যে নয়, সারা দেশের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তারেক রহমানের উদ্দেশে দেওয়া বক্তব্যে সাইফুল লেখেন, আপনি যদি সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদের হাহাকার একবার শুনতে পারতেন, তাহলে বুঝতে পারতেন আপনার এই দল কারা চালায়।


পোস্টের শেষাংশে বিএনপির রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত আবারও জানান তিনি। লেখেন, আমি স্বজ্ঞানে বিএনপির রাজনীতি ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন বিএনপির পরিবার, ভালো থাকবেন তারেক রহমান।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন