সালিশে অভিবাসন ব্যয়ের ১২-১৫% ফেরত পান প্রতারিত কর্মীরা: গবেষণার তথ্য
নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা ও বিদেশে শোষণের শিকার অভিবাসী কর্মীরা সালিশের মাধ্যমে তাদের মোট অভিবাসন ব্যয়ের ১২ থেকে ১৫ শতাংশ অর্থ ফেরত পান, ওকাপের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ফলে আইনি প্রতিকার চেয়েও অধিকাংশ কর্মীকে ঋণের বোঝা ও চরম আর্থিক ক্ষতির মুখে সংগ্রাম করতে হচ্ছে।
বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জাস্টিস বাই প্রসিডিউর? আ লিগ্যাল অ্যান্ড ইন্সটিটিউশনাল অডিট অব বিএমইটি আরবিট্রেশন ফর মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপের এই গবেষণায় দেখা গেছে, বিদেশে যাওয়ার জন্য পুরুষ অভিবাসী কর্মীরা গড়ে ৪ লাখ ৫৮ হাজার টাকা এবং নারী কর্মীরা গড়ে ৩১ হাজার ৯০০ টাকা ব্যয় করেছেন।
কিন্তু মধ্যস্থতার মাধ্যমে পাওয়া ক্ষতিপূরণ পুরুষ কর্মীদের গড় ব্যয়ের মাত্র ১৫ শতাংশ, যা নারী কর্মীদের ক্ষেত্রে ব্যয়ের ১২ শতাংশ।
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় দায়ের করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ এবং ৩৫ জন নারী কর্মী ছিলেন, যাদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন।
অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ও তদন্তের অভাব
পর্যালোচনা করা ৮৫টি অভিযোগের বর্তমান চিত্র ও প্রক্রিয়াগত দুর্বলতাগুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে-
১. নিষ্পত্তির হার
৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গবেষণা চলাকালে ২৮টি নিষ্পত্তি হয়েছে এবং ৫টি অভিযোগের কার্যক্রম থেমে গেছে।
২. শুনানিতে বিলম্ব
৩০ কার্যদিবসের মধ্যে শুনানি অনুষ্ঠানের নিয়ম থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। এছাড়া ২৯ শতাংশ ক্ষেত্রে অভিযোগকারীদের শুনানির জন্যই ডাকা হয়নি।
৩. তদন্তহীনতা ও নথি হারানো
৮৫টি অভিযোগের কোনোটিতেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ পাওয়া যায়নি। আনুষ্ঠানিক তদন্ত না থাকায় রিক্রুটিং এজেন্সি ও দালালদের দায়বদ্ধতা নির্ধারণ কঠিন হয়ে পড়ে। এমনকি কিছু ক্ষেত্রে প্রাপ্তিস্বীকারপত্র পাওয়ার পরও সরকারি নথি থেকে আবেদন হারিয়ে যাওয়ায় কর্মীদের পুনরায় আবেদন করতে হয়েছে।
৪. দুর্বল সালিশি ব্যবস্থা ও অসম সমঝোতা
গবেষণার ফলাফল উপস্থাপনকালে ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বিদ্যমান সালিশি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, এই ব্যবস্থাটি আইনগতভাবে বাধ্যতামূলক সমাধান দেওয়ার বদলে কেবল সমঝোতামূলক মীমাংসায় সহায়তা করে। রিক্রুটিং এজেন্সিগুলোর দর-কষাকষির ক্ষমতা বেশি থাকায় আর্থিকভাবে অসচ্ছল কর্মীরা অনেকটা চাপের মুখেই অপর্যাপ্ত ক্ষতিপূরণ মেনে নিতে বাধ্য হন। কোনো শাস্তি ছাড়াই এজেন্সিগুলো শুনানিতে অনুপস্থিত থাকে এবং মধ্যস্থতার সময় কর্মীরা হয়রানি ও অসম্মানজনক আচরণেরও শিকার হন।
প্রতিবেদনের তথ্যমতে, নিষ্পত্তি হওয়া ২৮টি মামলার অর্ধেক অভিযোগকারী ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। নারী কর্মীদের বেশিরভাগই পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা, যদিও একজনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকায় মীমাংসা হয়েছে।
গবেষণায় অভিবাসী কর্মীদের ওপর হওয়া বহুমুখী প্রতারণা ও নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেগুলো হল-
১. চুক্তিপত্র ও কাজের অমিল
৯১ শতাংশ অভিযোগকারী দেশ ছাড়ার আগে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তিপত্র পাননি এবং ৭২ শতাংশ গন্তব্য দেশে পৌঁছেও কোনো লিখিত চুক্তিপত্র পাননি। পুরুষ কর্মীদের ৬২ শতাংশ প্রতিশ্রুত কাজের সঙ্গে বাস্তব কাজের অমিলের কথা জানিয়েছেন এবং ৩২ শতাংশ ‘ওয়ার্ক পারমিট’ পাননি। সামগ্রিকভাবে ৭৮ শতাংশ কর্মী কাজে প্রতারণা, ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণা এবং ৪২ শতাংশ শোষণের অভিযোগ করেছেন।
২. নারী গৃহকর্মীদের ওপর নির্যাতন
জরিপে অংশ নেওয়া নারী গৃহকর্মীদের ১০০ শতাংশই মজুরি শোষণ, ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখা এবং ৭৭ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
৩. অকাল প্রত্যাবর্তন ও সামাজিক সংকট
৪০ শতাংশ অভিযোগকারী চুক্তির মেয়াদ শেষ না করেই ছয় মাসের মধ্যে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এতে তারা যেমন ঋণের জালে আটকা পড়েছেন, তেমনি নারী কর্মীরা পরিবার থেকে প্রত্যাখ্যান ও সামাজিক অপবাদের শিকার হচ্ছেন।
৪. আইনি সংস্কার ও সুপারিশ
ওকাপ বলেছে, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-তে নিয়োগ প্রতারণার বিরুদ্ধে ফৌজদারি শাস্তির বিধান থাকলেও প্রশাসনিক প্রক্রিয়ায় কেবল মধ্যস্থতার ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থপূর্ণ প্রতিকার নিশ্চিত করতে প্রতিবেদনে তদন্ত ব্যবস্থা জোরদার করা, নিরপেক্ষতা বজায় রাখা, একটি কাঠামোগত ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়ন এবং আইনের কার্যকর বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের সিমস-২ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর প্রেমাংশু শেখর সরকার, জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, আইএলও ঢাকা অফিসের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান এবং কারিতাস ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাডভাইজর এরিফা সুলতানা।
‘ন্যায়বিচারে প্রবেশাধিকার জোরদারকরণ’ শীর্ষক দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন বিএমইটির পরিচালক (কর্মসংস্থান) মো. মাসুদ রানা, আইওএম বাংলাদেশের হেড অব প্রোটেকশন সাদিয়া আলীম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান।
তথ্যসূত্র: বিডিনিউজ