বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

দুই ছেলের ওপর হামলা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
দুই ছেলের ওপর হামলা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
হামলায় আহতদের জন্য নেওয়া হয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালে / ছবি: জাগো নিউজ

মেহেরপুরের মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে হানিফ মহলদার ও রহমান মহলদার গুরুতর আহত হয়েছেন।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের বাজারপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহতের মেয়ে মিনা খাতুন জানান, তাদের চাচাতো দাদার ছেলে আহসান ও ইসলাম মহলদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ সকালে ইসলাম মহলদার ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করার জন্য মাটি খুঁড়তে থাকেন। খবর পেয়ে তার ভাই হানিফ ও রহমান মহলদার বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


মিনা খাতুনের ভাষ্য, সংঘর্ষ চলাকালে সন্তানদের রক্ষা করতে ছুটে যান মা তহুরা খাতুন। তখন প্রতিপক্ষের হামলায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় হানিফ ও রহমান মহলদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।


মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, সদর) জাকিয়া সুলতানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করা সম্ভব হবে।


তথ্যসূত্র: জাগোনিউজ