সমুদ্রের ২০ হাজার ফুট গভীরেও বিস্ফোরণ!
সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট নীচে জমে রয়েছে ঘুটঘুটে অন্ধকার আর হিমশীতল জল। ভূপৃষ্ঠের তুলনায় প্রায় হাজার গুণ বেশি চাপ। সেখানে নাকি একসময় ভয়াবহ এক আগ্নেয়গিরির জন্ম হয়েছিল! প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপে ২০ হাজার ১৭০ ফুট গভীরে মিলেছে বিস্ফোরক অগ্ন্যুৎপাতের জমাটবদ্ধ চিহ্ন। এত গভীরে এমন অগ্ন্যুৎপাতের নজির আগে কখনও মেলেনি।
‘ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্স’ জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা ও ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপের প্রাচীরে এমন অস্তিত্ব নিয়ে গবেষণার করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাসের কয়েকজ অধ্যাপক। তার মধ্যে একজন ভূবিজ্ঞানের অধ্যাপক রবার্ট স্টার্ন। তাঁর মন্তব্য, ‘‘এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত।”
প্রায় ৫.২ কোটি বছর আগে প্রশান্ত মহাসাগরীয় টেকটোনিক প্লেট, অর্থাৎ ভূত্বকের বিশাল খণ্ড, ফিলিপাইন সাগর প্লেটের নীচে ঢুকে যেতে শুরু করলে মারিয়ানা ট্রেঞ্চের জন্ম হয়। এই ট্রেঞ্চেরই সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ, যা একক কোনও বিন্দু নয়, তিনটি পৃথক বিশালাকৃতি গর্তের সমষ্টি। এর সর্বোচ্চ গভীরতা ৩৫ হাজার ৮৭৬ ফুট। প্রায় ৬.৭৯ মাইল। মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি। এমনকি যাত্রিবাহী জেট বিমান যে উচ্চতায় ওড়ে তার প্রায় সমান।
২০২৪ সালের শেষ দিকে বিজ্ঞানীরা এই মারিয়ানা ট্রেঞ্চের ‘ফোরআর্ক’ অংশ খতিয়ে দেখার পরিকল্পনা করেন। ‘ফোরআর্ক’ হল সেই অঞ্চল, যা ডুবন্ত টেকটোনিক প্লেটের ঠিক উপরে অবস্থান করে। যেহেতু চ্যালেঞ্জার ডিপের মতো গভীর জায়গায় মানুষের পক্ষে যাওয়া অত্যন্ত বিপজ্জনক, তাই নতুন গবেষণায় দূরনিয়ন্ত্রিত যন্ত্রের উপরই ভরসা করেন গবেষকেরা।
মারিয়ানা ট্রেঞ্চে অনুসন্ধান অভিযানের মূল হাতিয়ার ছিল উড্স হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের তৈরি একাধিক অংশে বিভক্ত যন্ত্রচালিত ডুবুরি ‘জেসন বা মিডিয়া’। মারিয়ানা ট্রেঞ্চের গভীর সমুদ্রের প্রবল চাপ সামলে তথ্য ও নমুনা সংগ্রহের উপযোগী করেই এই যন্ত্রটি তৈরি করা হয়েছিল। এই যন্ত্রেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ‘জেসন বা মিডিয়া’ ২১ হাজার ৩০০ ফুটের বেশি গভীরে নামতে পারে না। এর চেয়ে নীচে গেলে সমুদ্রের প্রচণ্ড চাপে যন্ত্রটি ভেঙে বা চুপসে যেতে পারে।
২০২৪ সালের শেষ দিকে ‘জেসন বা মিডিয়া’-কে মারিয়ানা ট্রেঞ্চের ফোরআর্ক এলাকায় নামানো হয়। চ্যালেঞ্জার ডিপের একেবারে তলানিতে পৌঁছোনো না গেলেও কাছাকাছি থাকা খাড়া ভূতাত্ত্বিক প্রাচীরের প্রায় সীমারেখার কাছেই রোবটটিকে নিয়ে যাওয়া হয়। রবার্ট স্টার্ন এই অভিযানের বিবরণ দিতে গিয়ে বলেন, “পুরো দলটিই একটু ভয়ে ভয়ে ছিল।” চ্যালেঞ্জার ডিপের গভীরে যন্ত্রের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই চালক ও বিজ্ঞানীরা কাজ সারেন। ২০ হাজার ১৭০ ফুট গভীরে পাতলা ও সমতল একটি শিলাস্তর শনাক্ত করা সম্ভব হয়।
চ্যালেঞ্জার ডিপের প্রাচীরে পাওয়া ওই শিলাস্তরের খনিজ গঠন ও বিন্যাস বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি তৈরি হয়েছে ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ থেকে। সহজ ভাষায়, ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ হল প্রবল বেগে ধেয়ে আসা অত্যন্ত উত্তপ্ত শিলাখণ্ড, ছাই ও গ্যাসের এক ধ্বংসাত্মক স্রোত। প্রায় দুই হাজার বছর আগে ইতালির পম্পেই শহরকে যে ধরনের প্রবাহ চাপা দিয়েছিল, এটি ঠিক সেই রকমই।
সমুদ্রতলে লাভা উদ্গিরণ সাধারণ ঘটনা। হাওয়াইয়ের কিলাউইয়ার মতো জায়গায় ছিটকে ওঠা তরল লাভা দেখা যায়। ১৯৮০ সালের মাউন্ট সেন্ট হেলেন্সের মতো বিস্ফোরক অগ্ন্যুৎপাত সাধারণত অগভীর জলে বা স্থলভাগে ঘটে। কিন্তু চ্যালেঞ্জার ডিপের মতো গভীর সমুদ্রে প্রবল জলচাপ গ্যাসের প্রসারণকে চেপে ধরে। মারিয়ানা ট্রেঞ্চের সেই পরিবেশ ব্যাখ্যা করে ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের ডুবুরি ও ভূতাত্ত্বিক আইসোবেল ইয়ো বলেন, “অত্যধিক জলচাপ গ্যাসের সেই প্রসারণকে দমিয়ে রাখে। ফলে সাধারণত যে বিস্ফোরক অগ্ন্যুৎপাত ঘটার কথা তা ঘটে না।”
তাই চ্যালেঞ্জার ডিপের এই অগ্ন্যুৎপাতের ধরন নিয়ে মতান্তর তৈরি হয়েছে। রবার্ট স্টার্নের মতে, চ্যালেঞ্জার ডিপের ওই গভীরতার চাপে কোনও অগ্ন্যুৎপাত “প্রাকৃতিক উপায়ে বিস্ফোরণ করে লাভা উদ্গিরণ করতে পারে না।” মারিয়ানা ট্রেঞ্চের ওই অংশে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ডেভিড পাইল মনে করেন, “অগ্ন্যুৎপাতগুলি সম্ভবত বিস্ফোরক ছিল না।” তাঁর মত, এই ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ অন্য কোনও পদার্থ দিয়ে তৈরি।
মারিয়ানা ট্রেঞ্চের ফোরআর্ক অঞ্চলের নীচে থাকা ‘ম্যান্টল’, অর্থাৎ ভূত্বকের ঠিক নীচের তুলনামূলক শীতল ও ঘন স্তর, সাধারণত ঠান্ডা থাকে। সেখানে আগ্নেয়গিরির চিহ্ন রয়েছে মানে ওই অংশের ‘ম্যান্টল’ অস্বাভাবিক রকম উত্তপ্ত। চ্যালেঞ্জার ডিপের এই আবিষ্কারের গুরুত্ব ব্যাখ্যা করে ইংল্যান্ডের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের সামুদ্রিক ভূ-পদার্থবিদ ও আগ্নেয়গিরি বিশেষজ্ঞ জোনাস প্রাইন বলেন, “এই গবেষণাটি আগ্নেয়গিরিবিদ্যার এক অগ্রণী সীমান্ত স্পর্শ করেছে। কত গভীরে ম্যাগমা এখনও বিস্ফোরক ভাবে অগ্ন্যুৎপাত ঘটাতে পারে, বা অন্তত ভেঙে টুকরো হতে পারে, তা সত্যিই একটি কঠিন প্রশ্ন, যার এখনও কোনও উত্তর নেই।”
চ্যালেঞ্জার ডিপের ২০ হাজার ১৭০ ফুট গভীরে পাওয়া এই শিলাস্তর যে অগ্ন্যুৎপাতমুখ বা ‘ভেন্ট’ থেকে বেরিয়ে এসেছিল, তা এখনও খুঁজে পাওয়া যায়নি। রবার্ট স্টার্নের ভাষায়, মারিয়ানা ট্রেঞ্চ ও চ্যালেঞ্জার ডিপের মতো গভীর খাদ নিয়ে এই গবেষণায় বিজ্ঞানীরা “একটি অচেনা দরজা খুলে দিয়েছেন।” গভীর সমুদ্রের সেই অচেনা দরজার ও পারে কী লুকিয়ে আছে, তার খোঁজ এখন সবে শুরু।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন