শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আর অপেক্ষা নয়, ‘অবতার ৪’-এর মুক্তির তারিখ ঘোষণা, কবে ফের প্যান্ডোরায় নিয়ে যাবেন জেমস ক্যামেরন?

সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ০২:১৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
আর অপেক্ষা নয়, ‘অবতার ৪’-এর মুক্তির তারিখ ঘোষণা, কবে ফের প্যান্ডোরায় নিয়ে যাবেন জেমস ক্যামেরন?

প্যান্ডোরার জগতে ফেরার অপেক্ষায় দর্শক। এই ফেরা নিয়ে মাঝখানে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। প্রশ্ন উঠে গিয়েছিল আদৌ আসবে কি ‘অবতার ৪’ না কি এখানেই থেমে যাবে জেমস ক্যামেরনের স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি? এবার সেই যাবতীয় জল্পনায় ইতি। অবশেষে ডিজনির আসন্ন ছবির তালিকায় আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিল ‘অবতার ৪’। শুধু তাই নয়, ছবির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৯ সালের ২১ ডিসেম্বর বড়পর্দায় ফিরতে চলেছে প্যান্ডোরার সেই ভয়ঙ্কর সুন্দর জগৎ। পাশাপাশি পঞ্চম ছবির মুক্তির তারিখও সামনে এসেছে!


সম্প্রতি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ডিজনির আপফ্রন্টস অনুষ্ঠানে সংস্থার আগামী দিনের ছবির তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ‘অবতার ৪’-এর নাম দেখা গিয়েছে। একই তালিকায় রয়েছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ এবং ‘ইনক্রেডিবলস ৩’-এর মতো বহুল প্রতীক্ষিত ছবিও। ডিজনির এই পদক্ষেপে স্পষ্ট, আপাতত প্যান্ডোরার অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে চতুর্থ ছবি। আর ‘অবতার ৫’ আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর।


তবে এই ছবিকে ঘিরে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল, ‘অবতার ৪’-এর কিছু অংশের শুটিং নাকি বহু আগেই সেরে রেখেছেন জেমস ক্যামেরন। আগের দু’টি ছবির সঙ্গে একই সময়ে চতুর্থ ছবিরও বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। কারণ, গল্পে একটি সময়ের ব্যবধান দেখানো হবে। সেই কারণে সুলি পরিবারের ছোট সদস্যদের বয়সের ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।


এর সবচেয়ে বড় উদাহরণ ট্রিনিটি জো-লি ব্লিস। ‘অবতার’ ছবিতে টুকের চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী যখন চতুর্থ ছবির কিছু অংশের শুটিং করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ন’বছর। বর্তমানে তাঁর বয়স ১৭! অর্থাৎ, গল্পের প্রয়োজনে অভিনেতাদের বয়সের পরিবর্তন যাতে পর্দার চরিত্রগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেই পরিকল্পনা অনেক আগে থেকেই করেছিলেন ক্যামেরন।


প্রসঙ্গত, ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে একটা সময় সংশয় তৈরি হয়েছিল। বিশেষ করে ছবিগুলির বিপুল খরচ, দীর্ঘ শুটিং এবং ভিএফএক্সের খরচ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। জেমস ক্যামেরনও এর আগে জানিয়েছিলেন, এই ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিগুলির বাজেট এবং কাজের সময় কমানোর কথা ভাবছেন তিনি। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বজুড়ে প্রায় ১.৪৮ বিলিয়ন ডলার ব্যবসা করলেও আগের ছবির তুলনায় প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে পরবর্তী ছবিগুলির ভবিষ্যৎ নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক ছিল।


ক্যামেরন অবশ্য প্যান্ডোরার বাইরেও বেশ কিছু কাজ করতে আগ্রহী। জো অ্যাবারক্রম্বির উপন্যাস ‘দ্য ডেভিলস’-কে বড়পর্দায় আনার পাশাপাশি হিরোশিমাকে কেন্দ্র করে একটি ছবিও পরিচালনা করার ইচ্ছা রয়েছে তাঁর। কিন্তু ‘অবতার ৪’ নিয়ে ডিজনির সাম্প্রতিক ঘোষণার পর আপাতত প্যান্ডোরার জগতেই তাঁর মনোযোগ ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে।


২০০৯ সালে প্রথম ‘অ্যাভাটার’ মুক্তির পর থেকেই দর্শকদের কাছে এক অন্য জগতের দরজা খুলে দিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। নীলচে নাভি জনগোষ্ঠী, প্যান্ডোরার বিস্ময়কর প্রকৃতি এবং জেক সুলি-নেইতিরির কাহিনি সিনেমার ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিগুলিও সেই জগতকে আরও বিস্তৃত করেছে।


এবার সেই কাহিনির পরবর্তী অধ্যায়ের অপেক্ষা। ২০২৯ সালের ডিসেম্বরেই ফের বড়পর্দায় ফিরবে প্যান্ডোরা। আর তার দু’বছর পর, ২০৩১ সালের ডিসেম্বরে আসবে পঞ্চম ছবি। ফলে প্রশ্ন একটাই—জেমস ক্যামেরন কি আবারও দর্শকদের জন্য তৈরি করতে চলেছেন এক অভাবনীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা?


তথ্যসূত্র: আজকাল অনলাইন