শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নতুন শুল্কের প্রস্তাব : বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?

সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
নতুন শুল্কের প্রস্তাব : বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?
বাংলাদেশের একটি পোশাক কারখানা/ ফাইল ছবি: এএফপি

রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত সক্ষমতা তৈরি, শ্রমিকদের কম মজুরি এবং চীনা কাঁচামালের ওপর অতি-নির্ভরতার অভিযোগে বাংলাদেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে, বাংলাদেশের পোশাক খাতে এ ধরনের অসংগতি বেশি বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে বিপুল বাণিজ্য ঘাটতিকেও বড় সমস্যা বলে মনে করছে তারা।


ওয়াশিংটনের দাবি, বাংলাদেশের সরকারি নীতি ও ভর্তুকির কারণে তৈরি পোশাক খাতে বাজারে চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন শিল্প ও শ্রমিকেরা।


চলতি বছরের ১১ মার্চ বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। গত ২৫ নভেম্বর প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদনে বাংলাদেশের উৎপাদন খাতের নানা অসংগতির অভিযোগ করা হয়।


পোশাক খাত নিয়ে কী বলা হয়েছে প্রতিবেদনে

চীনের পরে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ২০২৫ সালে পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ১০ দশমিক ৭ শতাংশ গেছে বাংলাদেশ থেকে, মূল্যমানের দিক থেকে তা ছিল প্রায় ৮৬০ কোটি ডলার (মোট মার্কিন পোশাক আমদানির প্রায় আট শতাংশ)।


বাংলাদেশে প্রায় ৩ হাজার ৫০০টি তৈরি পোশাক ও বস্ত্র কারখানা চালু রয়েছে, যেগুলোর প্রায় সবই রপ্তানিমুখী। এই খাত দেশে ৪০ লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান তৈরি করেছে।


২০২৩ সালে বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ দশমিক ১ শতাংশ এবং ২০২২ সালে জিডিপির আনুমানিক ১১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে।


অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও ভর্তুকি নিয়ে আপত্তি

ইউএসটিআরের মতে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ২০২৪–২৭ সালের জাতীয় রপ্তানি নীতির মতো রাষ্ট্রীয় পরিকল্পনা ও প্রণোদনার মাধ্যমে বাংলাদেশের পোশাক খাতে বাজারের চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা গড়ে তোলা হয়েছে।


বাংলাদেশে পোশাক শিল্পকে রপ্তানি আয়ের ওপর ৫০ শতাংশ আয়কর ছাড় দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জানুয়ারিতে ৪৩টি খাতে নগদ সহায়তা ঘোষণা করে (যেমন- স্থানীয় বস্ত্র খাতে ১ দশমিক ৫ শতাংশ বিকল্প নগদ সহায়তা, গার্মেন্টসের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে ৩ শতাংশ এবং ইউরো জোনে রপ্তানিতে অতিরিক্ত ০ দশমিক ৫ শতাংশ)। ২০২৬ সালের ঈদুল ফিতরের আগেও নগদ প্রণোদনা বাবদ ২০ কোটির ডলারের বেশি ছাড় করা হয়।


চীন থেকে কাঁচামাল আমদানি ও বিনিয়োগের যোগসূত্র

২০২৫ সালে বাংলাদেশের পোশাক খাতের আমদানির প্রায় ৭০ শতাংশ এবং সুতা ও কাপড়ের ৩০ শতাংশ এসেছে চীন থেকে। পাশাপাশি নিটেড, ক্রোশেটেড, ওভেন বা ডাইড ফ্যাব্রিক এবং সেলাই ও নিটিং মেশিনের মতো মধ্যবর্তী ও মূলধনি পণ্যের আমদানি বেড়েছে।


প্রতিবেদনে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের নারীদের পোশাক (ঐঝ ৬২১২.১০) আমদানি ২৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪ সালে ৫৮ মিলিয়ন ও ২০২৫ সালে ৫০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ থেকে একই পণ্য আমদানি ২০১৭ সালের ৯০ মিলিয়ন ডলার থেকে ৩২ শতাংশ বেড়ে ২০২৫ সালে ১১৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে।


এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (ঈঊওত) গড়ে তোলা এবং বস্ত্র ও পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির ফলে চীন তার অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বাংলাদেশের মাধ্যমে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে ইউএসটিআর।


মজুরি, শ্রম অধিকার ও বাণিজ্য ঘাটতি

২০২৬ সালে বাংলাদেশের পোশাক শ্রমিকদের মাসিক মজুরি প্রবেশ পর্যায়ে ১০১ দশমিক ৬২ ডলার (১২,৫০০ টাকা) থেকে শীর্ষ গ্রেডের অপারেটরে ১২২ দশমিক ২৩ ডলার (১৫ হাজার ৩৫ টাকা) এবং দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ২০৩ থেকে ২৪৩ ডলার (২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা)।


এই মজুরি ভারত (প্রায় ১৭০ ডলার), কম্বোডিয়া ও ভিয়েতনাম (প্রায় ২০০ ডলার) এবং চীনের (প্রায় ৩০০ ডলার) তুলনায় অনেক কম। এটি বাংলাদেশের উৎপাদন খরচ কৃত্রিমভাবে কমিয়ে রাখছে এবং অভ্যন্তরীণ ভোগ কমাচ্ছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হলেও ইপিজেড (ঊচত) এলাকায় তা প্রযোজ্য নয় এবং সেখানে স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ নেই।


ইউএসটিআরের দাবি, এসব নীতির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে ২০২৫ সালে প্রায় ৭০০ কোটি ডলারে পৌঁছেছে, যার বড় অংশ বস্ত্র ও পোশাক খাতকেন্দ্রিক। এটি মার্কিন বস্ত্র ও পোশাক উৎপাদকদের বিক্রি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি করছে।


তথ্যসূত্র: ইউএসটিআর, জাগোনিউজ