পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খালেক মোশারফ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা আনোয়ারুল হক ও খামারি ফারুক হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরাও বক্তব্য দেন। আলোচনা সভা সঞ্চালনা করেন উপসহকারী কর্মকর্তা ডা. মোশায়েব নাঈম।
এর আগে ইউএনও আরাফাত আমান আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।