শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বিজিবির উদ্যোগে ২০ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রদান

ফুলবাড়ী প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
বিজিবির উদ্যোগে ২০ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রদান

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে ২০ যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি মানবিক ভূমিকা রাখছে।


তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগোষ্ঠীর কল্যাণে বিজিবি নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশিক্ষণপ্রাপ্ত ২০ যুবকের হাতে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারবেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী এবং ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


উল্লেখ্য, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে ২৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়।