বিচারকের ছেলে হত্যা, আসামিকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক:
বিচারকের ছেলে হত্যা মামলায় গ্রেফতার আসামিকে কোনো আইনি সহায়তা দেবেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়নের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
সোমবার (১৭ নভেম্বর) রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলা ও তার ছেলে তাওসিফ রহমানকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা সমাবেশ থেকে দায়রা জজের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। পাশাপাশি তারা এ হত্যাকান্ডে জড়িত ব্যক্তির দ্রুত সর্বোচ্চ সাজা দাবি করেন। বক্তারা বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে? মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামশেদ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌহিদ জাহিদী, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি প্রমুখ।
গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে বিচারকের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে তাওসিফকে ছুরিকাঘাতে ও শ্বাসরোধে হত্যা করা হয়। এছাড়া বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকেও (৪৪) হত্যা করার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড় চকপাড়া গ্রামের সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৪)।
এ ঘটনায় ১৪ নভেম্বর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার লিমন পাঁচদিনের রিমান্ডে আছেন।