জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করে দিয়েছে: ছাত্রশিবির সভাপতি

রাবি প্রতিবেদক:
জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১৫ নভেম্বর) রাবি শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, বিগত সময়ে ৭১কে নিয়ে একটা শ্রেণি ব্যবসা করেছে। এই ব্যবসা করতে গিয়ে তারা বাংলাদেশকে একদম চূর্ণ-বিচূর্ণ করে শেষ করে দিয়েছে। এখন আবার জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করে দিয়েছে। জুলাই নিয়ে ব্যবসা করার কারণে হিরোইক চরিত্রগুলো ভিলেইন অবস্থানে চলে গিয়েছে। এটাতো আমরা চাই নাই, এটা দূর্ভাগ্য। জুলাই বিপ্লবে সবাই ছিল। এখানে একক কোনো নেতা ছিলো না। জুলাইকে আমরা হারাতে দেবো না, ইনশাআল্লাহ। আগামীর ছাত্র রাজনীতিতে ভাই পলিটিক্স, ফাও খাওয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, র্যাগিং থাকবে না।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তারুণ্যের এক বাঁধ ভাঙা জোয়ারে অবস্থান করছেন এখন। এই জোয়ার দিয়ে আপনারা পৃথিবীকে গড়তে পারেন। সকল অন্যায়-জুলুমকে নিঃশেষ করে দিতে পারেন। আবার এই তারুণ্যের জোয়ার দিয়ে আপনি পৃথিবীকে ধ্বংসও করে দিতে পারেন। একইভাবে আপনি চাইলে আপনার জীবনকেও গড়তে পারেন। আবার চাইলে ধ্বংসও করে দিতে পারেন। বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য এর সবগুলো উপকরণই রয়েছে। আপনি চাইলে এখানে পড়াশোনা করতে পারেন। অথবা অযথা আড্ডা-মাদকসহ বিভিন্নভাবে আপনার জীবনটা ধ্বংসও করে দিতে পারেন। এর মধ্যে আপনাকে ভালোটা বেছে নিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, রুয়া’র সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল, রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হোসাইন আহমেদ মাহদি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন ও চাকসু ভিপি ইব্রাহিম রনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকেই নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে থাকেন। প্রথমে তাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরন করে নেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো কুরআন শরীফ, ইসলামি বই, কলমদানি, ফুল, রিপোর্ট বই ও দুপুরের খাবার। অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে ইসলামি সঙ্গীত পরিবেশ করে বিকল্প সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।