নগরীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিকে আগুন ধরিয়ে দিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মহানগরীর চৌদ্দপাই এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কের বিহাস গেটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যায় নাইম ইসলাম (২৩)। সে রাজশাহী কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মাসকাটাদিঘী এলাকার বাসিন্দা।
আহতের নাম রোহান (২৩) সে নাইমের বন্ধু। সেও মাসকাটাদিঘী এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষটি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক। তিনি জানান, নগরীর বিমানচত্বর এলাকায় একটি আইটি সেন্টারে কাজ করতেন নাইম। সেই কাজের জন্য তারা মোটরসাইকেলে করে বাড়ি থেকে রওনা হয়। পথে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে নাইম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহানকে রামেক হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, ঘটনার পওে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।