শনিবার, আগস্ট ২২, ২০২৬

কমেছে সবজি ও মাছের দাম অস্বস্তি পেঁয়াজে

WP Import ১৫ নভেম্বর ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ নভেম্বর ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন
কমেছে সবজি ও মাছের দাম অস্বস্তি পেঁয়াজে
কমেছে সবজি ও মাছের দাম অস্বস্তি পেঁয়াজে

নিজস্ব প্রতিবেদক:


শীতের সবজি বাজারে সয়লাভ হওয়ায় স্বস্তি ফিরেছে গ্রীষ্মকালীন সবজিতে। একই সঙ্গে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে মাছের দামও। কমতির দিকে মুরগির ডিম ও মাংসের দাম। তবে অস্বস্তি বাড়াচ্ছে পেয়াঁজের দাম। গেল দুই সপ্তাহ থেকে দাম বাড়তির দিকে থাকলেও তা এখনও কমেনি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ভোক্তার সবজির স্বস্তি ম্লান হতে বসেছে। তবে আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজিতে।
বাজারে এখন পুরনো পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও যা বিক্রি হতো ৬০ থেকে ৭০ টাকায়। অন্যদিকে, বাজারে আসা চলতি মৌসুমের নতুন পেঁয়াজ কলির কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। তবে কমতির দিকে আছে দেশী রসুন। প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে ও কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগম এবং নতুন বেগুন আসছে। আকার অনুযায়ী প্রতিটি ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকার মধ্যে। নতুন আসা শিমের প্রতি কেজি ৭০-৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় নতুন বেগুনের দাম কমে ৬০-৭০ টাকায় নেমেছে। শালগম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। মুলা প্রতি কেজির দাম এখন ২০ থেকে ৩০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।

বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় পুরনো সবজিগুলোর দাম দ্রুত কমে আসছে। পেঁপের দাম কমে ২০ টাকায় নেমেছে। গ্রীষ্মের পটলের দাম নেমেছে ৩০ থেকে ৪০ টাকায়। চালকুমড়া ও লাউ পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। পাশাপাশি করলা ৪০ থেকে ৫০ টাকা আর ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এছাড়াও বাজারে শশা ৬০ থেকে ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, এবং জলপাই ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে মাঝারি আকারের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। পাঙাস আকার অনুযায়ী কেজি ১৬০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, মাঝারি আকারের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, বড় আকারের পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৭৫০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় কমেছে মুরগি ও ডিমের দাম। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়। প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও মুরগির লাল ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকা ও মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়।