রাবিতে ভূ-বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

সম্মেলনে বক্তৃতা দেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিওসায়েন্সেস ফর অ্যাচিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (Geosciences for Achieving Sustainable Development Goals (ICGSDG) শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। রাবির ভূ-বিজ্ঞান অনুষদ এই সম্মেলনের আয়োজন করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯:১৫ মিনিটে সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সচিব প্রফেসর মো. মিজানুর রহমান (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ)। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ^বিদ্যালয়ের প্রফেসর মাইকেল এস স্টেকলার সম্মেলনে কী-নোট বক্তৃতা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. লতিফুর রহমান সরকার এবং ভূতত্ত্ব ও খনিবদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খানও বক্তৃতা দেন।
সম্মেলনের ২৭টি অ্যাকাডেমিক সেশনে ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। দেশ-বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ৩৫০ জন গবেষক, বিজ্ঞানী, শিক্ষক ও নীতিনির্ধারক অংশ নিচ্ছেন।