জামায়াতকর্মীর বিরুদ্ধে নারী লাঞ্ছনার অভিযোগ, রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নগরীর জিরোপয়েন্টে সচেতন নারী সমাজ আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১২ নভেম্বর পবা হরিয়ান সুগার মিল এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপি নেত্রী মোছা. নিলুফা জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলামের গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার শিকার হন। তাঁরা বলেন, ‘‘জামায়াত নির্বাচিত হলে নারীর মর্যাদা রক্ষার কথা বলে, অথচ নির্বাচনের আগেই নারীর প্রতি এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক।’’
বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর জামায়াতের একটি অংশ মনে করছে তারা ক্ষমতায় এসেছে ও দেশব্যাপী অপতৎপরতায় লিপ্ত হচ্ছে। কোনো মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন থেকে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা ও নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একই সঙ্গে নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত প্রার্থী এ্যাড. শফিকুল হক মিলন, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলার সভাপতি এ্যাড. সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সখিনা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।