রাবি বিজ্ঞান অনুষদ আয়োজিত ২য় আন্তর্জাতিক কনফারেন্স শুরু ১৪ নভেম্বর

কনফারেন্স বিষয়ে সংবাদ সম্মেলন করে অর্গানাইজিং কমিটি। ছবি: সংগৃহীত
রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক দুই দিনব্যাপী ২য় আন্তর্জাতিক কনফারেন্স আগামী ১৪ নভেম্বর শুরু হবে। বুধবার (১২ নভেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ এসব তথ্য জানান কনফারেন্স অর্গানাইজিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকগণ তাঁদের স্ব-স্ব গবেষণাকর্ম উপস্থাপন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে সাম্প্রতিক অগ্রগতি শীর্ষক এই আন্তর্জাতিক কনফারেন্সটি বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। কনফারেন্সে সর্বমোট ৫০৪ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে যার মধ্যে ২২৭ টি মৌখিক এবং ২৭২ টি পোস্টার পেপার এবং ৫টি কি-নোট স্পিচ রয়েছে।
কনফারেন্সের উদ্ভোধনী অনুষ্ঠানের অতিথিদের বিষয়ে তিনি বলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবি বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. নাসিমা আখতার।
তিনি আরও বলেন, বিজ্ঞান অনুষদের এই আয়োজনে পাঁচ জন কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। তাঁরা হলেন প্রফেসর স্টুয়ার্ড ক্লার্ক (ভারহাম ইউনিভার্সিটি, ইউ.কে), প্রফেসর এমেরিটাস ড. শাহজাহান খান (উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রফেসর এমেরিটাস, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া), প্রফেসর এমেরিটাস এ.কে.এম. আজহারুল ইসলাম (পদার্থ বিজ্ঞান বিভাগ, রা.বি.), প্রফেসর ড. আব্দুর রশিদ (ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং প্রফেসর ড. মো. সাইদুর রহমান (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য)।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাসিমা আখতার এবং প্রচার, মিডিয়া ও মেসেজ কালেকশন কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খান।