ঘুসি দিয়ে আনসারের নাক ফাটানোর ঘটনায় আটক তিন অ্যাম্বুলেন্স চালক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা এক আনসার সদস্যের নাক ফাটিয়ে দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আহত আনসার সদস্যের নাম ফিরোজ সরকার। আটককৃতরা হলেন-ভাড়ায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালক রজব, আব্দুল্লাহ ও মারুফ।
আনসার সদস্যরা জানান, দুপুরে হাসপাতালের ৪ নম্বর ফটকে দায়িত্ব পালন করছিলেন ফিরোজ সরকার। এই ফটক দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ নিষেধ। তারপরও একটি অ্যাম্বুলেন্স ৪ নম্বর ফটক দিয়ে ঢুকে পড়ে। ফিরোজ বাধা দিলেও অ্যাম্বুলেন্সটি সোজা জরুরি বিভাগের সামনে গিয়ে রোগী তুলতে শুরু করে। পেছনে পেছনে ফিরোজ আলম সেখানে গিয়ে এভাবে জোর করে ঢুকে পড়ার কারণ জানতে চান। এ সময় তার সঙ্গে তর্ক শুরু করেন ওই অ্যাম্বুলেন্স চালক।
তখন পাশে থেকে আরেক অ্যাম্বুলেন্স চালক এসে ওই আনসার সদস্যকে ঘুসি মেরে বসেন। এতে নাক ফেটে রক্ত ঝরতে থাকে ফিরোজের। পরে অন্য আনসার সদস্যরা এসে দুজনকে ধরে ফেললেও অ্যাম্বুলেন্স চালকরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অ্যাম্বুলেন্স চালকেরা হাসপাতালের বাইরে গিয়ে রাস্তার পাশে লাঠিশোটা ও হাসুয়া নিয়ে অবস্থান নেন। আর আনসার সদস্যরা অবস্থান নেন হাসপাতালের সামনে। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা আসেন। তারা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। রামেক হাসপাতালের মাখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, এই ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।#