ছাত্র সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: ছাত্রদল সাধারণ সম্পাদক

রাবি প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, অনিয়মে ভরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়তো ছাত্রদল প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। বিভিন্ন ষড়যন্ত্রের পরেও আমরা বলেছি ছাত্রদলের আরও ভালো করা উচিত ছিল। আমরা যে চারটি ছাত্র সংসদে পরাজিত হয়েছি, এ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচিত প্রার্থীরা বিশেষ করে ভিপি, জিএস ও এজিএসসহ প্রত্যেকে বিগত ফ্যাসিবাদী আমল থেকেই হলে থাকতেন এবং তৎকালীন ছাত্রলীগের রাজনীতি করেছেন। অপরদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতি করার কারণে ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনের কেউ তৎকালীন হলে থাকতে পারেনি। ফলে গণঅভ্যুত্থানের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলে আসছিলাম, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে। কিন্তু সেটা কোনোভাবেই তারা করতে পারেনি।
তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও যারা ভিপি-জিএস নির্বাচিত হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ফলে আমরা দেখেছি, ভিপি-জিএস হতে হলে পূর্বে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হবে এমন একটা অবস্থা দেখেছি। তবে শিক্ষার্থীরা হয়তো ভোট দিয়েছেন অথবা অনিয়ম হয়েছে। তবে যেটাই হয়ে থাকুক, ছাত্রদল সবসময় ন্যায়, গণতন্ত্র ও শিক্ষার্থীদের পক্ষে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়ে সকল অন্যায় ও জুলুমের প্রতিবাদ করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও সক্রিয় অংশগ্রহণ করেছে এবং ১৪২ জন নেতাকর্মী শহিদ হয়েছে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাকসু’র সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। সভায় রাবি শাখা ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।